ই-কমার্স খাতে দ্বৈত কর চাপ প্রত্যাহার

২২ সেপ্টেম্বর, ২০১৯ ২০:০৪  
অনলাইনে কেনা-বেচার ওপর আরোপিত মূসক প্রদানের বিষয়টি সুস্পষ্ট করেছে সরকার। চলতি অর্থ বছরের বাজেটে মোট বিক্রয় মূল্যের ওপর কর আরোপ করা হলেও এবার তা রদ করে সেবামূল্যের ওপর ধার্য করা হয়েছে। এতে করে ব্যবসায়ী ও ভোক্তা উভয়েই প্রান্তিক পর্যায়ে দ্বৈত করের চাপ থেকে মুক্তি পাবেন বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। রোববার (২২ সেপ্টেম্বর) এসআরও নং-১৮৬-আইন/২০১৯/৪৩-মূসক (১৩ জুন ২০১৯) সেবা কোড এস০৯৯৬০ এর আওতায় “অনলঅইনে পণ্য বিক্রয়” সেবার ব্যাখ্যা দিয়ে এ বিষয়ে একটি এসআরও জারি করেছে রাজস্ব বোর্ড। ব্যাখ্যা অনুযায়ী, “অনলাইনে পণ্য বিক্রয় অর্থ ইলেক্ট্রনিক নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে সেই সকল পণ্য ও সেবার ক্রয়-বিক্রয়-কে বোঝাবে যা ইতোপূর্বে কোনো উৎপাদনকারী বা সেবা প্রদানকারীর কাছ থেকে মূসক পরিশোধপূর্বক গৃহীত হয়েছে এবং যাদের নির্দিষ্ট কোনো সেবা কেন্দ্র নেই।” জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (মূসক আইন ও বিধি) হাছান মুহম্মদ তারেক রিকাবদার সাক্ষরিত ওই চিঠিতে অনলাইনে পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানকে একটি ‘বিক্রয় মাধ্যম’ হিসেবে গণ্য করে এসব প্রতিষ্ঠান পণ্যের মূল সরবরাহকারী/উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে কমিশন, ফি, সার্ভিস চার্জ, রেভিনিউ শেয়ারিং বা অন্যবিধভাবে সেবামূল্য গ্রহণ করে থাকে যুক্তিতে এসব প্রতিষ্ঠানকে পুনরায় সম্পূর্ণ পণ্য মূল্যের ওপর মূসব পরিশোধ করতে হবে না বলে নির্দেশনা দেয়া হয়েছে। বলা হয়ছে,গ্রাহক পর্যায়ে অনলাইনে পণ্য-সেবা পৌঁছে দেয়ায় প্রাপ্ত সেবা মূল্যের বিপরীতে এসব প্রতিষ্ঠানকে ৫ শতাংশ মূসক দিতে হবে। এ বিষয়ে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ই-ক্যাব) সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন, ই-ক্যাবের জোরালো দাবিতে রাজস্ব বোর্ড এমন একটি নির্দেশনা দেয়ায় আমরা রাজস্ব বোর্ড কর্তৃপক্ষ এবং সরকারের সংশ্লিষ্টজনদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একইসঙ্গে এই আন্দলনে সম্পৃক্ত বাণিজ্য মন্ত্রী টিপু মুন্স, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ সংশ্লিষ্টদের সাধুবাদ জানাচ্ছি। কেননা এই এসআরও অনুযায়ী, ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বাদ দিয়ে যে কমিশন বা সার্ভিস চার্জ ধার্য করা হবে ই-কমার্স ব্যবসায়ীদের কেবল তার ওপরই ৫ শতাংশ ভ্যাট দিতে হবে। সরকারের এমন সিদ্ধান্ত এই খাতের ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি নিয়ে আসবে। ভোক্তারাও দ্বৈত করের চাপ থেকে মুক্তি পাবেন। অপরদিকে বাংলাদেশে চাকরিবিষয়ক সবচেয়ে বড় অনলাইন পোর্টাল বিডিজবস ও ই-কমার্স প্রতিষ্ঠান আজকের ডিলের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, আমরা রাজস্ব বোর্ডের এই উদ্যোগকে স্বাগত জানাই। নতুন এই নির্দেশনায় আগের চেয়ে অনলইন ভোক্তারা ৭০-৮০ শতাংশ সুবিধা পাবেন। ব্যবসায়ীদের আর মোট মূল্যের ওপর কর দিতে হবে না। এতে দ্বৈত করের চাপ থাকছে না। তবে অনলাইন বা ডিজিটাল কেনাকাটা উৎসাহিত করতে হলে ই-কমার্স খাতকে করমুক্ত করার কোনো বিকল্পে নেই।